দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ শনিবার দুপুরে প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে, যা জনজীবনে প্রভাব ফেলবে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও এই সময়ে সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে যেতে পারে এবং সুরমা নদীসংলগ্ন এলাকায়ও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এছাড়া, দেশের উত্তরাঞ্চলেও বন্যার পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 



















