২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মন জয় করার পর এবার টুর্নামেন্টের ফাইনালের মঞ্চেও পারফর্ম করতে আসছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফাইনালের হাফটাইম শোতে বিশ্বের শীর্ষ কয়েকজন সংগীতশিল্পীর সঙ্গে তিনি মঞ্চ ভাগ করে নেবেন।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতির সময় প্রায় ১১ মিনিটের এই বিশেষ আয়োজনটি সুপার বোলের আদলে তৈরি হাফটাইম শো হিসেবে অনুষ্ঠিত হবে। ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধায়ক হিসেবে থাকছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা এই হাফটাইম শোকে একটি ঐতিহাসিক আয়োজন বলে উল্লেখ করেছেন। তার সঙ্গে মঞ্চে দেখা যাবে জাস্টিন বিবার, ম্যাডোনা, বিটিএস এবং কোল্ডপ্লে-সংশ্লিষ্ট শিল্পীদের। শাকিরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর ফাইনালের জন্য তাকে নতুনভাবে পরিকল্পনা করতে হচ্ছে, যাতে এবারের পরিবেশনা আগের চেয়ে আরও আলাদা ও আকর্ষণীয় হয়।
তিনি বলেন, “এটি একটি যৌথ হাফটাইম শো হতে যাচ্ছে। এটি সত্যিই ঐতিহাসিক হবে। এখানে পাঁচজন শিল্পী থাকছেন – ম্যাডোনা, বিটিএস, বিবার ও কোল্ডপ্লে; তারা সবাই অসাধারণ শিল্পী।” নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিরা জানান, সকল শিল্পী একসঙ্গে বসে অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত করবেন। এই নতুন ধরনের আয়োজন ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 
























