পটুয়াখালীর বাউফলে এশার নামাজ পড়তে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৪৯) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বড় সেতুর উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিক্ষক মুসা হেঁটে স্থানীয় সাহেববাড়ি জামে মসজিদে এশার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন। নুরাইনপুর-কেশবপুর সংযোগ সেতুর কাছে পৌঁছালে কালিশুরীর দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।
শিক্ষকের এই আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন ধর্মপ্রাণ, নিবেদিতপ্রাণ ও সাদাসিধে মানুষ হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 






















