কুমিল্লার তিতাস উপজেলার আবদুর রহমান সুহাইল নামে এক তরুণ জ্বালানিবিহীন শক্তি উৎপাদনের এক নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন। তার দাবি, তিনি মধ্যাকর্ষণ বলকে কাজে লাগিয়ে এই প্রযুক্তি তৈরি করেছেন। সুহাইল সরকারের কাছে কোনো আর্থিক সহায়তা চাননি, বরং তিনি বিশেষজ্ঞদের মাধ্যমে তার উদ্ভাবনের বৈজ্ঞানিক ও গাণিতিক মূল্যায়ন এবং সফল প্রমাণ হলে জাতীয় ও আন্তর্জাতিক পেটেন্ট প্রাপ্তিতে সরকারি সহযোগিতা কামনা করেছেন।
সুহাইল জানান, ২০২২ সালের শেষদিকে তিনি এই গবেষণার মূল ধারণা পান এবং ২০২৩ সালে তাত্ত্বিকভাবে এটি সফল হয়। এরপর প্রায় এক বছর ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তিনি একটি ডেমো প্রোটোটাইপ তৈরি করেছেন। এই গবেষণার ব্যয় মেটানোর জন্য তিনি দিনমজুর হিসেবেও কাজ করেছেন বলে জানিয়েছেন।
গত ৬ জুলাই তিনি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার উদ্ভাবন ও প্রস্তাবনা লিখিতভাবে উপস্থাপন করেন। তার প্রস্তাবনার মধ্যে রয়েছে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়ন কমিটি গঠন এবং উদ্ভাবনের পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা। সফল হলে সরকারি উদ্যোগে পেটেন্ট সম্পন্ন করারও প্রস্তাব রয়েছে তার।
সুহাইলের দাবি, তার এই উদ্ভাবনটি বৈজ্ঞানিকভাবে কার্যকর প্রমাণিত হলে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন শক্তি উৎপাদনের সম্ভাবনা উন্মোচন করতে পারে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মর্যাদা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পেটেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি তার উদ্ভাবিত পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ প্রকাশ করবেন না। তবে, আগ্রহী ব্যক্তিরা চাইলে তার ডেমো প্রোটোটাইপ দেখতে পারবেন এবং এ বিষয়ে বৈজ্ঞানিক ও গাণিতিক প্রশ্ন করতে পারবেন। তিনি আরও জানান, তার অন্যান্য গবেষণা প্রকল্পের মধ্যে রোবোটিক কুকার, ওয়াটার বুট ও সেফটি গ্যাজেট রয়েছে।
রিপোর্টারের নাম 






















