জাতীয় সংসদের অধিবেশনে দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্যে ভেজাল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। তিনি বলেন, বর্তমানে দেশে মাদকের মধ্যে কোনো ভেজাল না থাকলেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ব্যাপক ভেজাল পরিলক্ষিত হচ্ছে, যা অত্যন্ত বিস্ময়কর ও উদ্বেগজনক।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খাদ্যমন্ত্রীর কাছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। সাবিকুন্নাহার বলেন, বাজারে ফলের সমারোহ থাকলেও ফরমালিন ও বিষাক্ত রাসায়নিকের ভয়ে সাধারণ মানুষ শঙ্কিত। কোন ফলটি নিরাপদ আর কোনটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা নির্ধারণ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী স্বীকার করেন যে, খাদ্যে ভেজালের বিষয়টি বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর। ভেজাল খাদ্যের কারণে দেশে ক্যানসার ও কিডনি রোগের মতো মরণব্যাধি ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 




















