চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ধসে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জঙ্গল সলিমপুরের ১ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আশরাফুল ইসলাম তানভীর, সে ওই এলাকার বাসিন্দা মইনউদ্দিন ও লামিয়া দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে হঠাৎ একটি বসতঘরের ওপর ধসে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা শিশু তানভীর মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম ও সীতাকুণ্ড থানার পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা এবং শুকনো খাবার প্রদান করা হয়েছে।
এই ঘটনার পর বড় ধরনের প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সীতাকুণ্ডে তিনটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জঙ্গল সলিমপুর ছাড়াও সীতাকুণ্ড ও কুমিরার অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টারের নাম 






















