ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে আগাছা, ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা ছড়িয়ে পড়ায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সড়কের পাশের হাঁটার জায়গা আগাছায় ঢেকে থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ বাধ্য হয়ে মূল সড়ক দিয়েই চলাচল করছেন। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে ছাগলনাইয়া-ফেনী, ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ, ছাগলনাইয়া-করেরহাট ও বক্সমাহমুদ সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, সড়কের দুইপাশের হাঁটার জায়গা আগাছা ও ঝোপঝাড়ে ভরে গেছে। কোথাও কোথাও আগাছা রাস্তার ওপর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং অনেক স্থানে গাছের ডালপালা নিচু হয়ে দৃশ্যমানতা কমিয়ে দিচ্ছে। ফলে পথচারীদের ব্যস্ত সড়কের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে, যা বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও স্থানীয় ব্যবসায়ীদের জন্য অত্যন্ত দুর্ভোগের কারণ হচ্ছে। সকাল ও বিকালে যানবাহনের চাপের সময় এই ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফারহানা পৃথা জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফেনী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাও তাদের আওতাধীন সড়কের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সচেতন মহল জননিরাপত্তার স্বার্থে দ্রুত সড়কের দুইপাশের আগাছা, ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা অপসারণ করে পথচারীদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















