ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং আলোচিত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে পরিচিত শাহরিয়ার করিম রাসেলকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গোয়েন্দা তালিকার ভিত্তিতে তার নাম স্টপ লিস্টে থাকায় তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত রাসেল ঝিনাইদহ শহরের আরাপপুর উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে এবং কালীগঞ্জের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার প্রধান আসামি হিসেবে বর্তমানে কারাগারে আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আপন ভাতিজা। তিনি ঝিনাইদহে ‘ভাতিজা রাসেল’ নামেই পরিচিত।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাসপোর্টধারী যাত্রী হিসেবে রাসেল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে যাচাই-বাছাইয়ের সময় তার নাম স্টপ লিস্টে থাকার বিষয়টি শনাক্ত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তার নাম ইমিগ্রেশন স্টপ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানিয়েছেন, আটকের বিষয়ে ঝিনাইদহ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ঝিনাইদহ থেকে পুলিশ এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
রিপোর্টারের নাম 





















