সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষে প্রচলিত বেতন কাঠামোতে আমূল পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। নতুন প্রস্তাবনায় সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, বর্তমানে বিদ্যমান ১:৯.৪ অনুপাত কমিয়ে ১:৭.৫ করার সুপারিশ করা হয়েছে, যা কার্যকর হলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা সুপারিশ করেছিল। তবে সচিব কমিটি বাস্তব পরিস্থিতি বিবেচনায় প্রথম গ্রেডের বেতন ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের কথা ভাবছে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির ক্ষেত্রেও গ্রেডভেদে ভিন্ন ভিন্ন হার প্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জীবনযাত্রার ব্যয় জরিপকে ভিত্তি ধরে এই নতুন বেতন কাঠামো সাজানো হচ্ছে। তবে পে স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই নতুন কাঠামো চূড়ান্ত হতে পারে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















