সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা, যা সমাজ ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে। সমাজের অসংগতি, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন। একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা অপরিহার্য। তবে বর্তমান সময়ে এই পেশাটি নানা জটিল সংকটের মুখোমুখি হচ্ছে।
পেশাগত অনিশ্চয়তা, নিরাপত্তার অভাব, স্বল্প বেতন এবং রাজনৈতিক ও করপোরেট চাপ সংবাদকর্মীদের প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। এই প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে সুদৃঢ় ঐক্যের অভাব পেশাটিকে আরও দুর্বল করে দিচ্ছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া মানে কেবল সংগঠনের সদস্য হওয়া নয়, বরং পেশাগত অধিকার রক্ষা ও সত্য প্রকাশের স্বার্থে সম্মিলিত অবস্থান নেওয়া। বিভাজনের ফলে সাংবাদিকদের দাবিগুলো উপেক্ষিত হচ্ছে এবং বিভিন্ন মহল এই দুর্বলতার সুযোগ নিচ্ছে।
দেশের অনেক গণমাধ্যমকর্মী এখনো শ্রম আইন অনুযায়ী ন্যায্য পাওনা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত। অনেক প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা না পাওয়া এবং অমানবিক কর্মপরিবেশে কাজ করার অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে এবং সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সব ভেদাভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে।
রিপোর্টারের নাম 

























