চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫০৩ কোটি ৪৭ লক্ষ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। একইসাথে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট বাবদ ৪৮৯ কোটি ৯৯ লক্ষ ৭৯ হাজার টাকাও অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভায় এই বাজেটগুলো গৃহীত হয়। সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও ফাইন্যান্স কমিটি সচিব জনাব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন।
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান এই সভায় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সার্বিক উন্নয়নে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. আল্-ফোরকান বিশ্ববিদ্যালয়ে প্রয়োগমুখী গবেষণা (ট্রান্সলেশনাল রিসার্চ) বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব ব্যবস্থার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাংকিংয়ে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সভায় চবি উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং সিন্ডিকেট সদস্য ও সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 















