বাগেরহাটের মোংলায় একটি মাদক মামলায় সাক্ষী হওয়ার জেরে হাসিব হাওলাদার নামে এক কলেজ শিক্ষার্থীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ চিলা মাদ্রাসা ব্রিজের ওপর ওত পেতে থাকা একদল দুষ্কৃতকারী দেশি অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, হাসিব তার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন। হামলাকারীরা রামদা, হকিস্টিক ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। বর্তমানে তিনি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থীর বাবা বাবুল হাওলাদার জানান, সম্প্রতি এক মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনায় তিনি সাক্ষী হওয়ায় তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। সেই শত্রুতার জেরেই তার ছেলের ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























