ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) একটি গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবননির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ২০০ একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করা।” সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, প্রতিষ্ঠার ১০৫ বছরের গৌরবময় পথচলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবেই নয়, বরং দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ঐতিহ্য ও অর্জনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অধ্যাপক ওবায়দুল ইসলাম আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ক্রমেই সুদৃঢ় হচ্ছে। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। একইসঙ্গে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ধরে রেখেছে এবং কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩২তম স্থান লাভ করেছে।
তিনি বলেন, উভয় র্যাঙ্কিংয়েই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এ ছাড়া ২০২৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ার প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন, যা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ। সামগ্রিকভাবে এসব অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষের সাক্ষ্য বহন করে।
উপাচার্য তার অভিভাষণে বিশ্ববিদ্যালয়ের ১২৫তম বর্ষকে সামনে রেখে প্রণীত ২০ বছর মেয়াদি ‘ঢাকা ইউনিভার্সিটি একাডেমিক প্ল্যান (২০২৬-২০৪৬)’-এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
রিপোর্টারের নাম 






















