বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. হারুন হাওলাদার (৫৯) নামের এক ব্যক্তির মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমালিয়ার নিজ বসতঘরের পেছন থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ব্যাপারে নিহতের ছেলে মোস্তফা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোমবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনে মাটি আলগা এবং বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা দেখতে পেয়ে সন্দেহ হলে ঐ স্থান খুঁড়ে একটি লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ এবং নিহতের স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে সেলিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 

























