ফ্রান্সের পূর্বাঞ্চলে স্কাইডাইভার বহনকারী একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণার্থী ও পাঁচজন প্রশিক্ষক রয়েছেন।
রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে পূর্ব ফ্রান্সের টমব্লেন শহরে দুর্ঘটনাটি ঘটে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের ব্যবহৃত বিমানটি ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, বিমানটি একটি শপিং সেন্টারের কাছাকাছি জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়লেও আশপাশের কোনো বাসিন্দা হতাহত হননি।
ম্যুর্ত-এ-মোজেল অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভস সেগি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিমানটি প্রায় উল্লম্বভাবে নিচে পড়ে বিমানবন্দরের সীমানা ঘেঁষা একটি আবাসিক এলাকার খুব কাছাকাছি বিধ্বস্ত হয়। তার ভাষায়, আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে, যা সৌভাগ্যের বিষয়।
এদিকে ম্যুর্ত-এ-মোজেল শাখার স্বাধীন নার্সদের সংগঠনের সভাপতি থিয়েরি পেশে জানিয়েছেন, নিহত স্কাইডাইভারদের প্রায় অর্ধেকই পেশায় নার্স ছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ম্যুর্ত-এ-মোজেল বিভাগের প্রেসিডেন্ট শেনেস খিরুনি।
স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, দুর্ঘটনার সময় নিহতদের স্বজনরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তারা মূলত পাঁচজন প্রশিক্ষণার্থীর জীবনের প্রথম স্কাইডাইভ প্রত্যক্ষ করতে সেখানে গিয়েছিলেন।
রয়টার্সকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায়, গাড়ি চালানোর সময় তিনি বিমানটিকে ডান দিকে হেলে যেতে দেখেন। তার ধারণা, তখনই বিমানটিতে কোনো কারিগরি সমস্যা দেখা দিয়েছিল।
তিনি বলেন, রাস্তার পাশের উঁচু বাঁধের কারণে বিধ্বস্ত হওয়ার মুহূর্তটি দেখা না গেলেও বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে আগুনে জ্বলতে থাকা বিমানের ধ্বংসাবশেষে উদ্ধারকাজে সহায়তার চেষ্টা করেন।
তার ভাষায়, “আমরা সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম, আর কেউ বেঁচে নেই। আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না।”
উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে তুম্বলেন বিমানবন্দরের আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে পুলিশ।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী লুঁহ নুনিয়েজও দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছেন।
রিপোর্টারের নাম 
























