ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে একটি ব্রিজ নির্মাণের এক দশক পেরিয়ে গেলেও দুই পাশে সংযোগ সড়ক না হওয়ায় তা সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। সংযোগ সড়কের অভাবে ব্রিজটি এখন এলাকাবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ফলে বাধ্য হয়ে স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে প্রায় ১০ বছর আগে উদয়পুর ও বাটামারা গ্রামের সংযোগস্থলে এই ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পর থেকে এখন পর্যন্ত দুই পাশে মাটির রাস্তা বা সংযোগ সড়ক তৈরি করা হয়নি। বর্ষা মৌসুমে ব্রিজের দুই পাশে পানি জমে থাকায় এটি কার্যত একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়।
এই পথ দিয়ে প্রতিদিন উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। অসুস্থ রোগী বা গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগ, বারবার ইউনিয়ন পরিষদকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি।
উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে পারে না, বিশেষ করে বর্ষায় তাদের চরম ঝুঁকির মধ্যে পড়তে হয়। জনস্বার্থে দ্রুত ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রিপোর্টারের নাম 

























