গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। আজ (শুক্রবার) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা এই যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে। এই চুক্তিতে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে জিম্মিদের মুক্তি দেওয়া এবং গাজায় যুদ্ধ থামানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
চুক্তি অনুযায়ী, গাজা থেকে ইসরাইলের সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেওয়া হবে এবং তারা একটি নতুন নির্ধারিত সীমারেখায় নিজেদের অবস্থান নেবে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় চুক্তির অনুমোদনের ঘোষণা দিলেও, তাৎক্ষণিকভাবে ভোটের সংখ্যা প্রকাশ করেনি। তবে জানা গেছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ইতামার বেন গভির, নেগেভ, গ্যালিলি এবং ন্যাশনাল রেজিলেন্স মন্ত্রী ইতজাক ওয়াসেরলাউফ এবং হেরিটেজ মন্ত্রী আমিচায় এলিয়াহু এই চুক্তির বিরোধিতা করেছেন।
এছাড়াও, অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং জায়নিজম পার্টির সেটেলমেন্টস অ্যান্ড ন্যাশনাল প্রজেক্টস মন্ত্রী ওরিত স্ট্রকও চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন।
মন্ত্রিসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যে, ইসরাইল তার জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে চলেছে।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, তার দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরাইল উভয়েই রাজি হয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তির খবরে গাজায় স্বস্তি নেমে এসেছে, আর ইসরাইলে উল্লাস প্রকাশ করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা।
রিপোর্টারের নাম 






















