পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হয়েছেন বাবা, মা ও বোন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করে ভাবনা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ওমরাহ পালনের গভীর অনুভূতি ভাগ করে নেন।
কাবা শরিফ প্রথমবার দেখার মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে ভাবনা লেখেন, ‘যখন প্রথমবার কাবা শরিফের দিকে চোখ পড়ল, তখন যেন সব ভাষা হারিয়ে গেল। আমার অনুভূতির গভীরতা, হৃদয়ভরা প্রশান্তি আর কৃতজ্ঞতার সেই ঢেউ—এসব সত্যিই কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়।’ তিনি জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহই সর্বময় মালিক।’
অভিনেত্রীর এই আবেগঘন পোস্ট প্রকাশের পর তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে তার ও তার পরিবারের জন্য দোয়া ও শুভকামনাও জানিয়েছেন।
ছোট পর্দা থেকে অভিনয়ে পথচলা শুরু করা ভাবনা ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ‘লাল মোরগের ঝুঁটি’ এবং ‘দামপাড়া’র মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত।
রিপোর্টারের নাম 

























