বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা উল্লেখ করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, যুক্তরাজ্য ও মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলো এখন ইসলামী অর্থায়নকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি পর্যায়ে এই ব্যাংকিং ব্যবস্থাকে এগিয়ে নেওয়া প্রয়োজন। শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, প্রচলিত ব্যাংক ব্যবস্থা থেকে রাতারাতি পুরোপুরি ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তর সম্ভব না হলেও, পর্যায়ক্রমে এর সম্প্রসারণে সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে। কিছু ইসলামী ব্যাংকে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সমস্যাটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার নয়, বরং যারা ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত তাদের। তিনি বিশ্বাস করেন, এই ব্যবস্থার সঠিক প্রয়োগ দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও কল্যাণ বয়ে আনবে।
জাকাত ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতে একটি জাতীয় ডাটাবেজ তৈরির প্রস্তাব দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দেশে প্রতি বছর কী পরিমাণ জাকাত আদায় ও বিতরণ হয়, তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। প্রতিটি সংসদীয় আসনে জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা থাকলে দাতা ও গ্রহীতার মধ্যে সংযোগ স্থাপন সহজ হবে। এ লক্ষ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপ চালুর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিশেষায়িত টেলিভিশন চ্যানেল খোলারও প্রস্তাব দেন তিনি।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে বর্ণনা করে পার্থ বলেন, এতে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বিদেশ সফরের অর্জনগুলো সম্পর্কে সংসদকে বিস্তারিত জানানোর আহ্বান জানান তিনি। বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, প্রতিবন্ধী ভাতা এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ বৃদ্ধির পদক্ষেপকে তিনি সাধুবাদ জানান।
রিপোর্টারের নাম 




















