বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের বাজেটে গত বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে প্রায় ৬৩ কোটি টাকা, তবে ১০৫ কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে। বাজেটে চিকিৎসাসেবা আধুনিকায়ন, গবেষণা এবং ব্যয় নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ রোগীদের কল্যাণে এবার বিনামূল্যে ওষুধ সরবরাহের বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এছাড়া আইসিইউতে প্রয়োজনীয় স্যালাইন ও অ্যান্টিবায়োটিকও বিনামূল্যে প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্যানসার রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অনকোলজি বিভাগে নতুন আধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন কেনার জন্য ৭৬ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
গবেষণা খাতেও বড় অংকের বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে মোট ২৮ কোটি টাকার বেশি অর্থ গবেষণার জন্য ব্যয় করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং দক্ষ চিকিৎসক তৈরিতে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 
























