তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেছেন, প্রস্তাবিত বাজেট কোনো সাময়িক বা জোড়াতালির পরিকল্পনা নয়। বরং এটি বাংলাদেশকে একটি স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।
বাজেটে অন্তর্ভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের প্রতিটি পরিবারকে যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তা গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করছে। এটি কেবল সাধারণ মানুষকে সাহায্য করা নয়, বরং গ্রামের ক্ষুদ্র ব্যবসা, মুদি দোকান ও কাঁচাবাজারের কেনাবেচা বাড়ানোর মাধ্যমে শহর ও গ্রামের অর্থনৈতিক ব্যবধান কমিয়ে আনছে।
ডিজিটাল যুগে গুজব ও অপপ্রচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করছে। এছাড়া নতুন প্রজন্মের মানবিক বিকাশে বিভিন্ন সৃজনশীল উদ্যোগ, শর্ট ফিল্ম ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সাধারণ মানুষের বিনোদনের কথা চিন্তা করে বিটিভির মাধ্যমে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ করে দেওয়ার বিষয়টিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 




















