সুস্থ ও সক্রিয় জীবনধারা বজায় রাখতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিতে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে তিনি অলিম্পিকের মূল আদর্শ—বন্ধুত্ব, সম্মান ও উৎকর্ষ—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন।
শনিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এবং বিওএ-এর উদ্যোগে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে এই র্যালিটি শুরু হয়। ‘You Can Do This, Let’s Move’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিটি বনানী এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে ফিরে আসে। দিবসটি উপলক্ষে ঢাকার পাশাপাশি দেশের অন্য সাতটি বিভাগীয় শহরেও অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় দেড় সহস্রাধিক মানুষ অংশ নেন। র্যালি শেষে একটি মনোজ্ঞ ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং সেনাপ্রধান অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 
























