চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রী মরিয়ম আক্তার (৩২) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আলমগীর হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের হাটমূড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে কুমিল্লার তিতাস উপজেলার মুটুকি গ্রামের দ্বীনেস মিয়ার মেয়ে মরিয়মের সাথে পারিবারিকভাবে আলমগীরের বিয়ে হয়। গত দুই বছর ধরে আলমগীর তার চাচাতো ভাই হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তার (৩০) এর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং আলমগীর প্রায়শই মরিয়মকে মারধর করতেন।
বৃহস্পতিবার বিকেলে আলমগীরের বেধড়ক মারধরের শিকার হয়ে মরিয়ম জ্ঞান হারান। সাচার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলমগীর বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাকে না পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পরকীয়া প্রেমিকা শাহীনা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতের ননদ সায়েরা ও ভাতিজা মামুন জানান, এই পরকীয়ার জের ধরে আলমগীর এর আগেও কয়েকবার মরিয়মকে মারধর করেছেন এবং এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। নিহতের পরিবারের দাবি, মরিয়মের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্ত ঘাতককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
রিপোর্টারের নাম 

























