লক্ষ্মীপুরের রায়পুরে একটি ভাড়া বাসায় মা ও তাঁর দুই মেয়েকে কুপিয়ে হত্যার নৃশংস ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—শাহিনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
এই ঘটনায় শাহিনুরের মেজো মেয়ে ও স্থানীয় কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইকরা আক্তার (১৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে স্বামী হারানো শাহিনুর তাঁর চার সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর স্থানীয় জনতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক অজ্ঞাত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককেও আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















