মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রথমবারের মতো চালু হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ও নগদ টাকা লেনদেনবিহীন (ক্যাশলেস) কারা ব্যবস্থাপনা। রোববার থেকে কার্যকর হওয়া এই নতুন পদ্ধতিতে বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন এখন থেকে ভার্চুয়ালি সম্পন্ন হবে। কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আধুনিক ও সুরক্ষিত এই ডিজিটাল ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কারাগারে বন্দিদের অবস্থান সহজেই শনাক্ত করা যাবে এবং বন্দি ওয়ার্ডগুলোতে ডিজিটাল পদ্ধতিতে নির্ভুলভাবে গণনা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
নতুন এই ক্যাশলেস নিয়মে, বন্দিদের আত্মীয়স্বজনরা তাদের জন্য পাঠানো অর্থ সরাসরি বন্দিদের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দিতে পারবেন। এরপর বন্দিরা তাদের কাছে থাকা আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বা খাদ্যসামগ্রী কিনতে পারবেন। এর ফলে কারাগারের অভ্যন্তরে নগদ টাকার লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং একই সঙ্গে বন্দিদের সঠিক অবস্থান ও নিরাপত্তা তদারকি আরও জোরদার হবে।
কারা সূত্রমতে, এই উদ্যোগের ফলে কারাগারে দুর্নীতি ও অনিয়ম হ্রাস পাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং বন্দিদের অর্থের নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে।
রিপোর্টারের নাম 





















