যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না মন্তব্য করেছেন যে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জুলাই মাসের অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করেননি, বরং জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ঘটনার সুযোগ নিয়েছে। তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের দেড় বছরে ছাত্রদলের ওপর জনগণের আস্থা কমে গেছে। পরবর্তীতে তারা জামায়াতের সঙ্গে জোট করে এমন ধারণা তৈরি করে যে, ২০২৪ সালের ১০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কেবল তারাই আন্দোলন করে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। অথচ দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন করে বিএনপিই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে এবং যুক্তরাজ্য থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।
শনিবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবদল এই কর্মসূচির আয়োজন করেছিল।
যুবদল সভাপতি জামায়াতের সমালোচনা করে বলেন, জাতীয় সংসদে জামায়াতের একজন সংসদ সদস্য তার বাবার মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার কথা বললেও পরবর্তীতে তার এই বক্তব্য মিথ্যা প্রমাণিত হয় এবং তিনি অসুস্থতার অজুহাত দেন। সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে তারা মিথ্যাচার করছে। এছাড়াও, কুমিল্লায় ছাত্রশিবির নেতা জিসান মিয়া এক স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণের পর বিয়ের চাপ দিলে তিনি গুমের নাটক সাজান। এটিই তাদের রাজনীতির নমুনা বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, যুবদল সবসময় দেশের স্বাধীনতা রক্ষা ও দেশের পক্ষে রক্ষাকবচের ভূমিকা পালন করেছে। আগামী দিনেও বাংলাদেশের রাজনীতির যেকোনো ঝুঁকি মোকাবেলার জন্য যুবদল মাঠে থাকবে, ইনশাল্লাহ।
যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো আপত্তিকর বা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলে যুবদল বসে থাকবে না। যুবদলের নেতা-কর্মীরা রাজপথে নেমে আসলে তার পরিণাম ভালো হবে না। তিনি গণতন্ত্রের অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।
মিছিলে ‘আমরা শক্তি, আমরা বল, জাতীয়তাবাদী যুবদল; জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, গুপ্ত, গুপ্ত, জামাত শিবির গুপ্ত; কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মহাখালীর কাঁচাবাজার থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিলটি তেজগাঁও সাত রাস্তায় গিয়ে শেষ হয়।
রিপোর্টারের নাম 























