রাঙ্গামাটির নানিয়ারচরে কর্মস্থলে যাওয়ার পথে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামের এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শতাব্দী চাকমা রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন এবং তিনি রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশের একটি গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করছিলেন। অসাবধানতাবশত তার হাতে থাকা কাঁচা বাঁশটি গাছের উপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শতাব্দী চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং তার হাতে হালকা পোড়া দাগ ছিল। বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই শিক্ষিকার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























