নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোবিনাথপুর এলাকায় মেঘনা নদী থেকে আব্দুল লতিফ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ বীরগাঁও এলাকার শহীদ মিয়ার ছেলে এবং তিনি ছয় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন। তিনি স্থানীয় আলাল মুন্সির সমর্থক ছিলেন বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার ও বুধবার সংঘর্ষের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল। তবে বুলবুল নামে আরও একজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিলক্ষা ইউনিয়নের আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির সমর্থকদের মধ্যে মঙ্গলবার ভোরে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পর থেকেই আব্দুল লতিফ নিখোঁজ ছিলেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ পর্যন্ত সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























