খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগে পুলিশের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ দ্রুত এই দম্পতিকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরম কড়াই দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়াসহ নানাভাবে ওই কিশোরীকে নির্যাতন করা হয়েছে। এই আলোচিত ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নির্যাতনের শিকার ওই গৃহকর্মী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আজ ভোরে নরসিংদী থেকে ভুক্তভোগীর মা খুলনায় এসে মামলা করেন। এরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এই নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানালা দিয়ে কিশোরীর ওপর নির্যাতনের দৃশ্য দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। অভিযোগ উঠেছে, গরম কড়াই দিয়ে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি শারীরিকভাবেও তাকে অপদস্থ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, তরকারি হাত থেকে পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্ত্রী ক্ষুব্ধ হয়ে নির্যাতন শুরু করেন। স্থানীয়রা আরও দাবি করেন, এটি একদিনের ঘটনা নয়; দীর্ঘদিন ধরেই ওই কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চলছিল এবং তার শরীরে পুরনো আঘাতের চিহ্নও দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
রিপোর্টারের নাম 























