নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম কর্তৃক জাতীয় সংসদে নিজের বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে দাবি করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ১৪ জুন বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন।
এমপি আব্দুল মুনতাকিম সংসদে বলেন, ‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’ তিনি আরও দাবি করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদান রয়েছে।
তবে, সরেজমিনে এমপি মুনতাকিমের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের ধলাগাছ এলাকায় গিয়ে জানা যায়, তার বাবা মো. আব্দুল কাদের সৈয়দী জীবিত আছেন। এছাড়া, সংসদ সদস্যের জন্ম তারিখ ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জানা যায়। এই জন্মসাল সামনে আসার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা প্রশ্ন করছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যদি তার পিতা শহীদই হয়ে থাকেন, তবে যুদ্ধ শেষ হওয়ার ১০ বছর পর ১৯৮১ সালে আব্দুল মুনতাকিমের জন্ম কীভাবে সম্ভব হলো? এই স্ববিরোধী বক্তব্যের কারণে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এমপি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
রিপোর্টারের নাম 






















