রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়ীর প্রাচীন স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনের প্রতি গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। মঙ্গলবার দুপুরে প্রতিনিধি দলসহ তিনি ঐতিহাসিক এই স্থানটি পরিদর্শন করেন এবং এর ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রাষ্ট্রদূত রাজবাড়ী প্রাঙ্গণে অবস্থিত জাদুঘর, রানীরঘাট, গোবিন্দ মন্দির, আন্নিক মন্দির এবং শিবমন্দির সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। তিনি এসব স্থাপনার নির্মাণশৈলী, ইতিহাস এবং বর্তমান সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘পুঠিয়া রাজবাড়ী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এর আরও উন্নয়ন ও সংরক্ষণ প্রয়োজন। ভবিষ্যতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।’
রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে রাজবাড়ী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তাকে একনজর দেখতে ভিড় করেন। তার মুখে ঐতিহাসিক স্থাপনাগুলোর প্রতি গভীর আগ্রহ ও উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট ছিল।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক এবং রাজবাড়ী রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর আন্তর্জাতিক পরিমণ্ডলে পুঠিয়া রাজবাড়ীর পরিচিতি আরও বাড়াবে এবং এই ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণ ও পর্যটন বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
রিপোর্টারের নাম 



















