নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ডি-নথি’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ল্যাব রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই প্রশিক্ষণের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সহ বেশ কিছু কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ‘ডি-নথি’র মাধ্যমে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ‘ডি-নথি’র কাজ ভালোভাবে শিখে নিতে পারবেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট নিশ্চিতকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নোবিপ্রবি আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মো. মাঈনুদ্দীন, ফয়েজ আহমেদ এবং নোয়াখালী সদর উপজেলার আইসিটি অফিসার সৈয়দ মোহাম্মদ মেরাজ হোসেন। কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান এবং প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জিএম রাকিবুল ইসলাম।
রিপোর্টারের নাম 

























