রাজবাড়ীর কালুখালীতে আসাদুল মন্ডল (২৪) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীর আগুনে পোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড়ে একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। আসাদুল কালুখালী উপজেলার মানুষমারি গ্রামের শাজাহান মন্ডলের ছেলে।
স্থানীয় কৃষক মোতালেব হোসেন ও উজ্জ্বল হোসেন সকাল ৮টার দিকে জমিতে কাজ করতে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তালহা জানান, আসাদুল গতকাল রাত ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ ছিল। মদারীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ফিরোজ আহম্মেদ জানান, আসাদুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন অগ্রসর কর্মী ছিলেন এবং তিনি মীর মশাররফ হোসেন কলেজের ডিগ্রী ফাইনাল বর্ষের ছাত্র ছিলেন।
সংবাদ পেয়ে এএসপি (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও কালুখালী থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে এএসপি পাংশা সার্কেল জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
রিপোর্টারের নাম 






















