নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে ফেইম এ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর ফলে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
রোববার সন্ধ্যায় ৯ দফা দাবি নিয়ে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। রাত সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, নিয়মিত বেতন পরিশোধ না করায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। সময়মতো বেতন না পেলে বাসা ভাড়া, দোকান বাকি, এবং ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ মেটানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করায় তারা বিভিন্ন সমস্যায় পড়ছেন।
শ্রমিকদের নয় দফা দাবির মধ্যে রয়েছে: প্রতি মাসের বেতন সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ, প্রতি বছরের জানুয়ারি মাসে ছুটির ক্যালেন্ডার প্রদান, ওভারটাইমের হার বৃদ্ধি, নাইট বিল ৫০ টাকা নির্ধারণ, দুই ঈদে নয় দিন করে ছুটি, ডাবল মেশিন পরিচালনার জন্য ১৭০ টাকা ভাতা, এককালীন সার্ভিস ভাতা প্রদান, বন্ধের দিনে ১৬ ঘণ্টা ডিউটি বন্ধ এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করা।
ফেইম অ্যাপারেলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান মাসের বেতন দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
রিপোর্টারের নাম 




















