প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘নজরুলবর্ষ’ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭) উদযাপনের লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বাংলা সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য, যা বিগত বছরগুলোতে সেভাবে উপস্থাপিত হয়নি। বর্তমান সরকারের উদ্যোগে কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাতীয় পর্যায়ে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ‘নজরুলবর্ষ’ ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সামনে রেখে মন্ত্রণালয় একটি জাতীয় কমিটি গঠন করবে, যার অধীনে নজরুলবর্ষের লোগো, পোস্টার এবং ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। এছাড়াও, স্মারক ডাকটিকিট প্রকাশেরও পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, নজরুলবর্ষের উদ্বোধন উপলক্ষে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত দেশের ৬৪টি জেলা এবং ৭৪টি বিশেষ উপজেলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই আয়োজনের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বাজেট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ও অন্যান্য সৃষ্টিকর্ম নিয়ে গবেষণার জন্যও মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করবে। আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 






















