প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন এবং সেখানে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেছেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে কক্সবাজার থেকে সড়ক পথে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান। তার গাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী এ্যাডভোকেট হাসিনা আহমদও ছিলেন। পার্কে পৌঁছালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। চারা রোপণের পর প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন এবং পার্কের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য ঘুরে দেখেন।
এর আগে, কক্সবাজার থেকে ডুলাহাজারা আসার পথে হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রী ডুলাহাজারা থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা হন।
রিপোর্টারের নাম 




















