জাতীয় দলের জার্সি গায়ে দেশের হয়ে মাঠ মাতানো অফ স্পিনার নাঈম হাসান নিজের শহরেই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে পুলিশের হাতে হেনস্তার শিকার হয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাঈমের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও তাকে ‘আসামি’ সম্বোধন করে থানায় নিয়ে যাওয়া হয় এবং মানসিকভাবে হেনস্তা করা হয়।
শুক্রবার রাতে নগরের লালখানবাজার এলাকায় অটোরিকশা থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হয়। নাঈম বলেন, ‘আমি বারবার বলেছি আমি জাতীয় দলের ক্রিকেটার, কিন্তু কেউ তা শুনতে চায়নি। উল্টো আমাকে ধাক্কাধাক্কি করা হয়েছে।’ শেষ পর্যন্ত থানায় নিয়ে যাওয়ার পর উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ক্রিকেটার নাঈম আক্ষেপ করে বলেন, তিনি পরিচিত মুখ বলে শেষ পর্যন্ত রক্ষা পেলেও একজন সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে পড়লে তার ভাগ্যে কী জুটত, তা ভাববার বিষয়। এই ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 






















