শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং প্রযুক্তিনির্ভর গবেষণামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে বাগেরহাটের চিতলমারীতে দিনব্যাপী “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চিতলমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক আবিষ্কার উপস্থাপন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর ধারণাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মুরাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলুসহ আরও অনেকে। চিতলমারী উপজেলার ১৪টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। এসব প্রকল্পের মধ্যে পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে কার্যকর নানা উদ্ভাবনী চিন্তার প্রতিফলন দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 




















