২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ডায়ালাইসিস প্রক্রিয়ার অপরিহার্য চিকিৎসাসামগ্রী ‘ডায়ালাইসিস ফিল্টার’ আমদানিতে সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এর ফলে প্রতিটি ডায়ালাইসিসের খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমে আসতে পারে।
জাতীয় সংসদে অর্থমন্ত্রী এই শিল্পের অতি প্রয়োজনীয় কিছু কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করার প্রস্তাব করতে পারেন। এই বাজেট পাস হলে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে।
কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ফিল্টার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য চিকিৎসাসামগ্রী। এটি আমদানির ক্ষেত্রে উচ্চ করভারের কারণে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় অতিরিক্ত ব্যয় হয়। দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হবে। এর ফলে আয়কর, ভ্যাট ও শুল্ক সুবিধার কারণে কিডনি রোগীর প্রতিটি ডায়ালাইসিস বাবদ ব্যয় প্রায় ৮০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে।
ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ তৈরির নতুন ৯টি কাঁচামাল আমদানিতে সরকার রেয়াত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) তৈরির নতুন ৫১টি কাঁচামাল আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন করে আরও ১৭টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।
ঢাকা ও বিভাগীয় শহরগুলো এবং শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়নে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব উঠতে পারে সংসদে।
আগামী বাজেটে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাধীন চলাচলের জন্য সহায়ক ২১ ধরনের স্পেশাল অ্যাসিসটিভ ডিভাইস আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও আগাম কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী।
রিপোর্টারের নাম 



















