গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনের মূল প্রবেশদ্বার দিন-রাত অটোরিকশা ও ভ্যান চালকদের দখলে থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদের যত্রতত্র অবস্থানের কারণে স্টেশনের মূল ফটক প্রায়শই বন্ধ থাকে, যা আগত ও বহির্গামী যাত্রীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও অন্যান্য গন্তব্যে যাতায়াতের জন্য বোনারপাড়া রেলওয়ে স্টেশনটি গাইবান্ধার সাঘাটা, গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলার মানুষের প্রধান ভরসা। ঢাকাগামী পাঁচটি আন্তঃনগর ট্রেন এখানে বিরতি করে। এই স্টেশনটিতে যাত্রীদের সুবিধা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দৃষ্টিনন্দন একটি রেলওয়ে গেট ও ফটক নির্মাণ করা হয়েছিল। কিন্তু অটোরিকশা ও ভ্যান চালকরা এই স্থানটি দখল করে রাখায় যাত্রীদের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। ট্রেন আসার সময়ে অতিরিক্ত ভিড় ও অটোরিকশার পার্কিংয়ের কারণে অনেক যাত্রী ট্রেন ধরতে হিমশিম খাচ্ছেন।
যাত্রীরা অভিযোগ করেন যে, অটোরিকশার অবৈধ পার্কিংয়ের কারণে স্টেশনে প্রবেশ ও বের হতে অনেক সময় লাগছে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। এই সমস্যা নিরসনে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার প্রদীপ চন্দ্র এবং বোনারপাড়া রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
রিপোর্টারের নাম 



















