বাগেরহাট: বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ ঘটনায় বারুইপাড়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ মোড়ল আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাদল মোড়লকে এলোপাতাড়ি ছুরি ও কুপিয়ে গুরুতর আহত করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও বলেন, রাতের এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, হতাহতরা মোটরসাইকেলে করে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিলেন। নিয়তির মোড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বাদল মোড়লের মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা পালিয়ে যায়। নিহতের লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।
রিপোর্টারের নাম 



















