বিশ্বকাপের প্রাক্কালে নেইমারকে নিয়ে যে অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে ছিল, তা অনেকটাই কেটে যেতে শুরু করেছে। কাফ মাসলের চোটে আক্রান্ত এই তারকা ফুটবলারের পুনর্বাসন প্রক্রিয়া প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো। নতুন মেডিকেল মূল্যায়নের পর ব্রাজিলের মেডিকেল স্টাফরা এখন মরক্কোর বিপক্ষে দলের প্রথম ম্যাচেই নেইমারের মাঠে নামার সম্ভাবনা দেখছেন।
বিশ্বকাপের আগে পাওয়া গ্রেড-২ কাফ ইনজুরির কারণে নেইমার প্রস্তুতি ম্যাচগুলো খেলতে পারেননি। এমনকি মিশরীয়দের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের সময়ও তিনি দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাননি, বরং নিউ জার্সিতে থেকেই বিশেষ পুনর্বাসন কর্মসূচি চালিয়ে গেছেন। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, তার সেরে ওঠার অগ্রগতি অত্যন্ত ইতিবাচক। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল, নেইমার ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচটি মিস করতে পারেন এবং ব্রাজিল দলের চিকিৎসকরাও সে ধরনের ইঙ্গিত দিয়েছিলেন, তবে সর্বশেষ শারীরিক পরীক্ষার পর কোচ কার্লো আনচেলত্তি ও মেডিকেল বিভাগ বেশ আশাবাদী হয়ে উঠেছে। নতুন মূল্যায়ন অনুযায়ী, মরক্কো ম্যাচে অন্তত আংশিক সময়ের জন্য তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে আনচেলত্তি বলেছিলেন, নেইমার প্রথম অথবা দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত হতে পারেন। বর্তমানে প্রথম ম্যাচেও তাকে দেখার সুযোগ তৈরি হওয়ায় চোট-সংগ্রামের পর এই তারকাকে ঘিরে ব্রাজিল সমর্থকদের আশা আবারও জোরালো হয়ে উঠেছে। বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শুরু হবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। মরক্কো ম্যাচের আগে নেইমারের ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তের মেডিকেল পর্যবেক্ষণের ভিত্তিতে।
রিপোর্টারের নাম 





















