জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকগণ সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর নাখালপাড়ায় হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে একটি বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে তিনি এই অভিযোগ করেন।
আসিফ মাহমুদ জানান, এনসিপির পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, প্রশাসকরা চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তিনি আরও অভিযোগ করেন যে, তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন এবং আবাসিক এলাকায় গরুর হাট বসানো হয়েছে, যা অব্যবস্থাপনার প্রমাণ এবং তারা মেয়র হওয়ার যোগ্য নন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এনসিপি সমর্থিত মেয়র প্রার্থী বলেন, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। জোটগতভাবে নির্বাচনে যাবে কিনা, তা তফসিলের পর দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে, যা স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা। কারণ, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আছে এবং কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না।
প্রধানমন্ত্রী’র তথ্য উপদেষ্টার ‘দলীয় ব্যানার ছেড়ে শর্ত মেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন’— এমন বক্তব্যের জবাবে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে সরকারের একটি পক্ষ বিরোধিতা করছে, অন্য উপদেষ্টা বলছেন শর্ত মেনে অংশ নিতে পারবে। তিনি মনে করেন, সরকার নিজেই আওয়ামী লীগকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এনসিপির পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এনসিপি সমর্থিত মেয়র-প্রার্থী আরিফুল ইসলাম আদীব।
রিপোর্টারের নাম 





















