সাভার পৌরসভার ছায়াবিথি এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ছাত্রদল নেতার স্ত্রী রিয়া মনির (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিয়া মনি নোয়াখালী জেলার মাইজদী থানা এলাকার রৌফ চৌধুরীর কন্যা।
নিহতের পরিবারের অভিযোগ, রিয়ার স্বামী সদ্য ঘোষিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম তাকে হত্যা করে পালিয়ে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়াবিথি এলাকার ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে রনি ও রিয়া দম্পতি ভাড়া থাকতেন। গত কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, রিয়াকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে রনি পালিয়ে যান।
রিয়ার পরিবারের দাবি, রনি ইসলাম সম্প্রতি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে রিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পারিবারিক বিরোধের জের ধরে রনিই রিয়াকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যান। পরে রিয়াকে হত্যার বিষয়টি মুঠোফোনে রনি তার মাকে জানালে হত্যার বিষয়টি প্রকাশ পায়। এরপর পুলিশ খবর পেয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করে।
সাভার মডেল থানার এসআই রমজান আলী বলেন, খবর পেয়ে ওই ফ্ল্যাটের তালা ভেঙে রিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রনি ইসলামকে ধরতে পুলিশ একাধিক স্থানে অভিযান পরিচালনা করছে।
রিপোর্টারের নাম 



















