হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মবিনুল ইসলামের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষিকারা এক মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনে এসে মিছিলটি শেষ হয়।
জানা যায়, গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হল এবং আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গেলে শিক্ষার্থীদের একটি পক্ষ সহকারী প্রক্টর মবিনুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তার নাক ও চোখে গুরুতর আঘাত লাগে। এই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩১ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং ৭ জন আসামীসহ অজ্ঞাতনামা আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এই হামলার ঘটনায় শিক্ষক-শিক্ষিকারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. সাইফুল হুদা বলেন, ২০০২ সালেও একবার এক শিক্ষকের ওপর হামলা হয়েছিল এবং সে সময় অপরাধীরা সাজা পেয়েছিল। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে বিগত সময়ে এ ধরনের ঘটনা বারবার ঘটেছে। তিনি বলেন, আমরা আর এসব দেখতে চাই না। এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করছি।
মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাসানুজ্জামান রতন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মহিদুল হাসান, সাদা দলের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শরীফ মাহমুদ, ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















