চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন হয়েছে, যা বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের স্যাটেলাইটভিত্তিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে বাংলাদেশকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে। মঙ্গলবার সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই অত্যাধুনিক স্টেশনটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ, উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শেওপেং এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিন অনুষ্ঠানে যোগ দেন।
উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্পের লক্ষ্য পূরণে সরকার প্রয়োজনীয় বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেটসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবে। তিনি আরও বলেন, এই স্যাটেলাইট সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, মাছ আহরণ, নৌপরিবহন এবং উপকূলীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এই দিনটিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, চীনের অর্থায়নে বাংলাদেশে প্রথমবারের মতো স্থাপিত এই অনন্য স্যাটেলাইট স্টেশন থেকে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকেরাও উপকৃত হবেন। তারা সমুদ্র ও মৎস্যসম্পদ সংক্রান্ত রিয়েল-টাইম তথ্য পাওয়ার সুযোগ লাভ করবেন, যা গবেষণা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
রিপোর্টারের নাম 



















