উৎসে কর ফাঁকি রোধে এবং তদারকি ব্যবস্থা জোরদার করতে ‘উইথহোল্ড ট্যাক্স আইডেন্টিফিকেশন’ বা ‘উইন’ (WIN) নামে নতুন একটি পদ্ধতি চালু করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এই প্রস্তাবনা পেশ করতে পারেন বলে জানা গেছে। মূলত বিভিন্ন প্রতিষ্ঠান কর কর্তন করে তা সঠিকভাবে সরকারি কোষাগারে জমা দিচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
বর্তমান আয়কর আইন অনুযায়ী, বাড়ি ভাড়া বা অন্যান্য সেবার ওপর নির্দিষ্ট হারে উৎসে কর কাটার নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে তা তদারকি করা সম্ভব হয় না। উইন ব্যবস্থা চালু হলে প্রতিটি কর কর্তনকারী প্রতিষ্ঠানকে নিবন্ধিত হতে হবে। এতে রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি কর ফাঁকির প্রবণতাও অনেকটা কমে আসবে বলে মনে করছেন এনবিআর কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এই পদ্ধতির মাধ্যমে করদাতারা সহজেই তাদের কর সমন্বয় বা রিফান্ডের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। একই সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও গ্রাহকদের আমানতের সুদের ওপর কর্তিত করের সঠিক তথ্য সংরক্ষণ করতে পারবে, যা ভবিষ্যতে অডিট বা জরিমানার জটিলতা এড়াতে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 
























