পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল মান্নান হাওলাদার (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় কয়েকজন জেলের সঙ্গে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন মান্নান। কাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার সময় হঠাৎ ঝড় ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বজ্রপাতে এমন আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























