গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর থাকলেও মোবাইল জার্নালিজমের নামে কোনো ধরনের অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সমর্থন করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। মন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রাখা জরুরি।
প্রেস কাউন্সিল আইনকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, সংশোধিত আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বার কাউন্সিলের মতো নিবন্ধনের ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া গুজব, ভুয়া খবর বা নীতি-নৈতিকতা বিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থার বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেস কাউন্সিল যেন স্ব-প্রণোদিত হয়ে তদন্ত করতে পারে, সেই ক্ষমতাও বাড়ানো হচ্ছে।
পডকাস্ট, ব্লগিং এবং ইনফ্লুয়েন্সার ভিত্তিক ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে মন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে প্রচলিত আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি আধুনিক নীতিগত কাঠামো তৈরির কাজ চলছে। এছাড়া নবম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন নিয়ে আদালতে চলমান মামলার কারণে সৃষ্ট জটিলতা নিরসনেও সরকার কাজ করছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
রিপোর্টারের নাম 






















