স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং আগামী এক বছরের মধ্যেই এটি পুরোপুরি সম্পন্ন হবে। প্রকল্পটি চালু হলে ঢাকা মহানগরীতে দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে। সোমবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষ এই প্রকল্পের মূল শোধনাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোর প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী এক বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং সারফেস ওয়াটারের ব্যবহার বৃদ্ধি পাবে।
মন্ত্রী আরও জানান, প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর আরও একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে, যেখান থেকে আরও ৫০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে। এই দুটি প্রকল্প মিলে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার সারফেস ওয়াটার সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। একই সাথে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলাসহ ঢাকার দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। প্রকল্প পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















